দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে। এর আগে করা কোনো স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন গ্রহণ করা হবে না এবং তা অভিবাসন ছাড়পত্রের প্রক্রিয়ায় বিবেচিত হবে না।
বুধবার (২৮ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, কর্মীদের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুসরণ করে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল সেন্টার নির্বাচন করতে হবে। সরকারি নির্দেশনা ও সক্ষমতা যাচাইয়ের ভিত্তিতে তালিকা থেকে কোনো মেডিকেল সেন্টার বাদ পড়তে পারে, আবার নতুন প্রতিষ্ঠান যুক্ত হতে পারে।
মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করতে বা করাতে পারবে না। কিছু দালাল ও অসাধু নিয়োগকারী প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এ ধরনের প্রস্তাবে সাড়া না দিতে এবং অনুমোদন নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দিতে কর্মীদের সতর্ক করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, বিএমইটির ছাড়পত্রের জন্য আবেদনকারী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে।
নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টার ও জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদেশে কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিলের মতো পদক্ষেপ থাকতে পারে।
অনুমোদনহীন স্বাস্থ্য পরীক্ষা বা এ ধরনের অনিয়মের তথ্য জানা থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণসহ [email protected] ঠিকানায় ই-মেইল করে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে।
কর্মীদের স্বার্থ রক্ষায় অনিয়ম বন্ধে নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠান ও মেডিকেল সেন্টারগুলোকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এমএম/